Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ফিরলো বিমানের ফ্লাইট

শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের এক ঘণ্টা পর বিমানের আবুধাবিগামী ফ্লাইটটি ফিরে আসে

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম

এবার টয়লেটের ফ্লাশ কাজ না করায় মধ্যরাতে উড্ডয়নের এক ঘণ্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত ১২টা ২৩ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

তবে সেই বিকল্প উড়োজাহাজ শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। পরে ব্যাংকক ফ্লাইটটি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান সংবাদমাধ্যমকে বলেন, “ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি শুক্রবার বিকেলে পরিচালিত হয়েছে।”

এর আগে, গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইটে ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়।

   

About

Popular Links

x