Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভূমি প্রতিমন্ত্রী: ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, “দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারগণের (ইউএনও) জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “সব ধরনের কাজ দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কাজের ক্ষেত্রে কোনোভাবেই বিলম্ব করা যাবে না।”

এছাড়া, তিনি ভূমি সেবাকে আরও ইউজার ফ্রেন্ডলি এবং সহজ করার কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র রুটিন মাফিক কাজ না করে ভূমি সেবাকে কিভাবে আরও ইউজার ফ্রেন্ডলি এবং সহজ করা যায়, সে বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে একটি অত্যাধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আইনি কাজে কোনো নেতিবাচক আপস করা যাবে না। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারোর নেই। কর্মকর্তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আইনি সুরক্ষা বা লিগ্যাল প্রটেকশন দেওয়ার কথা বলেন তিনি।

তাছাড়াও বহিরাগত অনলাইন অপারেটদের নিয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন ভূমি প্রতিমন্ত্রী। বাইরের ফটোস্ট্যাট দোকান থেকে অনলাইন ভূমি সেবা প্রদানকারীদের নিরুৎসাহিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসব জটিল কাজ পাসওয়ার্ড ও আইডিধারী নির্দিষ্ট দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেন ভূমি প্রতিমন্ত্রী।

মীর হেলাল উদ্দীন এমপি ভূমির আধুনিকায়ন করার বিষয়ে বলেন, ভূমি ব্যবস্থাপনা এখন অনেক বেশি ডিজিটালাইজড। এই বার্তাটি গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে যাতে তারা প্রতারণার শিকার না হন। ভূমির কাজ যে আগের চেয়ে সহজ হয়েছে তার ধারণা মানুষের মধ্যে তৈরি করতে হবে।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।

উল্লেখ্য, ৫ দিন মেয়াদি ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ৩৬ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

   

About

Popular Links

x