Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

হালিমে মাছি পাওয়ায় হোটেল কর্মচারীর গায়ে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা

এ প্রসঙ্গে ওই জাকসু নেতা বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে মাছি দেখে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মেরেছি’

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারে মাছি পাওয়ার অভিযোগে দোকান কর্মচারীর গায়ে বাটি ছুড়ে মারা, একই ঘটনায় অপর একজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারকের বিরুদ্ধে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘হাবিব হোটেলে' হালিম খেতে যান জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারক। এ সময় খাবারে মাছি পাওয়ায় দোকানের আরেক কর্মচারী বিল্লালের থুতনি চেপে ধরে তাকে জোর করে সেই হালিম খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের এক কর্মচারীকে লক্ষ্য করে বাটিটি ছুড়ে মারেন ওই জাকসু নেতা।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে থাকেন শিক্ষার্থীরা। পরে রাত ৮ টার দিকে একদল শিক্ষার্থী বটতলায় ঘটনার প্রতিবাদস্বরূপ দোকান বন্ধ রাখার নির্দেশ দিলে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরাও যুক্ত হন।  

অন্যদিকে, জাকসুতে ছাত্রশক্তি থেকে নির্বাচিত কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিসহ আরও কয়েকজন শিক্ষার্থী আরেক পক্ষের সঙ্গে যুক্ত হয়ে দোকান খোলা রাখার কথা বললে দুই পক্ষের ভেতর উত্তেজনা তৈরি হয়। 

ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু খাবারের দোকানগুলোয় প্রভাব খাটানোর চেষ্টা করছেন, এমন অভিযোগ রয়েছে জাকসু নেতা হুসনী মোবারকের বিরুদ্ধে। এছাড়াও দোকানদার সঙ্গে তার অসদাচরণ হরহামেশাই দেখা যায় বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও শিক্ষার্থীদের অপর পক্ষটির দাবি, অভিযুক্তের বিচার হতেই পারে। তবে দোকান বন্ধ করা যাবে না।

ভুক্তভোগী কর্মচারী সাহাবুদ্দিন বলেন, 'জাকসুর ওই নেতাসহ দুজন খেতে এসেছিলেন। হালিমে একটি মাছি পাওয়ায় তিনি চিৎকার শুরু করেন। আমার মামা বিল্লালের মুখ চেপে ধরে তাকে ওই হালিম খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। মামা সরে গেলে তিনি হালিমের বাটিটি আমার দিকে ছুড়ে মারেন, যা আমার গায়ে পড়ে।'

অভিযোগের বিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনে মুবারক বলেন, “আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে খাবারে মাছি দেখে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মেরেছি। তাকে শারীরিকভাবে কোনো আঘাত করিনি। খাবারের মান নিশ্চিত করা শুধু জাকসুর একার পক্ষে সম্ভব নয়। কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।”

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “অভিযোগের বিষয়ে আমি জানতে পেরেছি। দোষী প্রমাণিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x