কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (১ মে) কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরবটাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনটি বলা হয়েছে, গ্রেপ্তার সবাই বাংলাদেশি নাগরিক। এক গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের পর এক অভিযানে তাদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৩ হাজার টাকা (৩৩৩ কুয়েতি দিনার) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা অর্থসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।



