এ বছর সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১০৭ জন সদস্যকে মর্যাদাপূর্ণ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।
রবিবার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহ উপলক্ষে চারদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
এ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সে সদস্যদের হাতে পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি বছরই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি-দাওয়া তুলে ধরে পুলিশ সদস্যরা। এই বছর মোট ছয়টি দাবি তোলার কথা জানান পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।
এর মধ্যে রয়েছে - দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ এবং এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা।



