রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে 'নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন।
পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’’
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে নতুন স্থাপিত ‘এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন’ (এডিএসআই)-এর ফলক উন্মোচন ও এর কার্যক্রম পরিদর্শন করেন। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্বারা শত্রুভাবাপন্ন বিমানকে বাধা প্রদান এবং চট্টগ্রাম থেকে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল (ড্রোন)-এর লাইভ ফিডের মাধ্যমে ড্রপ ল্যান্ডিং অপারেশন পর্যবেক্ষণ করেন। বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটোলসহ বিভিন্ন আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) এবং কোয়াডকপ্টারের সফল উড্ডয়ন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় ড্রোন ও আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।



