Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি, নতুন সাইবার আতঙ্ক

তবে নিজেদের সার্ভার থেকে কোনো ধরনের তথ্য ফাঁসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ‌‘বিডিজবস’

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

দেশের শীর্ষস্থানীয় চাকরি খোঁজার প্ল্যাটফর্ম 'বিডিজবস' (Bdjobs)-এর ডেটাবেজ থেকে ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ম্যাডর‍্যাক্স’ (Maddrax) নামের একটি হ্যাকার গোষ্ঠী। তবে নিজেদের সার্ভার থেকে কোনো ধরনের তথ্য ফাঁসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ (DarkForums.ru) নামের একটি ওয়েবসাইটে হ্যাকার দলটি এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে। পোস্টে তারা দাবি করে, এসব সিভিতে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের বিস্তারিত তথ্য রয়েছে। এসব তথ্যের একটি কপির জন্য এক হাজার মার্কিন ডলার দাবি করা হয়েছে, যা বাইন্যান্স, ওয়াইজ বা পেটিএম-এর মাধ্যমে সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে বিক্রি করা হবে।

নিজেদের দাবির সপক্ষে হ্যাকাররা ১৪৮টি সিভির নমুনা প্রকাশ করেছে। নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ সিভিই ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে হালনাগাদ করা পুরোনো তথ্য। নমুনা সিভিতে থাকা বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অতীতে বিডিজবসে সিভি আপলোড করার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মারাত্মক শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, একজন ব্যক্তির পূর্ণাঙ্গ সিভি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা লক্ষ্যভিত্তিক ফিশিং অ্যাটাক, ভুয়া চাকরির প্রলোভন এবং পরিচয় জালিয়াতির মাধ্যমে বড় ধরনের আর্থিক প্রতারণা চালাতে পারে।

অন্যদিকে তথ্য ফাঁসের অভিযোগ নাকচ করে বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর জানান, বিডিজবস শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসছে। নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কেবল তাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রার্থীদের তথ্য দেখতে পারে। কোনো প্রতিষ্ঠান এই তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করলে অভিযোগ সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x