বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিটের শুনানির তারিখ ২১ মে ধার্য করেছে হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান।
পরে বৃহস্পতিবার দুপুরে শুনানির সময় নির্ধারণ করেন আদালত।
এর আগে, শনিবার (১৬ মে) বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক ১১ জন পরিচালকসহ মোট ১২ জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন।
রিট আবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে, যা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত শুনানি শেষে আগের নির্বাচিত কমিটিকে পুনর্বহালের আবেদনও করা হয়।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিবাদী করা হয়েছে।
রিটকারীরা হলেন, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।



