নরসিংদীতে বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ট্রেনের ছাদে যাত্রার সময় মারা যান।
রবিবার (২৪ মে) বিকেল ৫টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার বাসিন্দা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে অবস্থান করা সজিব সরকার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইলের তথ্য ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার পরই এ ঘটনা ঘটে। আরও একজন ট্রেনের ছাদ থেকে পড়ে যায়।
এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।



