Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে বিএসএফ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। 

সোমবার (৮জুন) দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে উত্তেজনার মধ্যেই সোমবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায় কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের চেষ্টা করা হলে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অঞ্চলে।  

এর আগে রোববার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ। 

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বার বার ব্যর্থ হচ্ছে পুশইন চেষ্টা। 

এদিকে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫ টি বিওপির সদস্যরা রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির সাথে রাতভর সতর্কাবস্থায় রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।

   

About

Popular Links

x