Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলোচিত ছাত্রনেতা মাহাদীর ওপর আবারো হামলা, হাসপাতালে ভর্তি

পুলিশ জানিয়েছে, ৫-৬ জন তরুণ তাকে লাথি-কিল-ঘুষি মেরেছে, এমন প্রমাণ পাওয়া গেছে

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বেলা একটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকজন তরুণ তাকে মারধর করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, বুধবার তার ওপর হামলা চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহাদী হাসান বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিসের সম্মুখস্থ সড়কে কয়েকজন যুবক তার গতিরোধ করে হামলা চালায়। 

পরে, হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। হামলার সময় মাহাদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড়েনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, “মাহাদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিলো। গতকালকে হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধোর করে।” 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহাদী হাসানের খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। ৫ থেকে ৬ জন তরুণ তাকে লাথি-কিল-ঘুষি মেরেছে, এমন প্রমাণ তারা পেয়েছেন। কারা এ হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মাহাদী হাসান এখনো থানায় কোনো অভিযোগ করেননি। 

   

About

Popular Links

x