Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত: কালাই রুটি খেয়ে বললেন, ‘দারুণ মজা’! 

এসময় রাজশাহীর বানেশ্বর আমের বাজারও ঘুরে দেখেন তিনি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:১৪ পিএম

রাজশাহীর ঐতিহ্যবাহী আম ও কালাই রুটির স্বাদ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেইসঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চারজন সফরসঙ্গীসহ রাজশাহীতে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২৮ মিনিটে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা শাহ মখদুম বিমানবন্দর থেকে সড়কপথে সারদা পুলিশ একাডেমির উদ্দেশ্যে রওনা হন। এসময় রাজশাহীর বানেশ্বর আমের বাজার ঘুরে দেখেন তিনি। 
 
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, “রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম সফর। ২০২০ সালে একবার এসেছিলাম, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই-সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা জিনিসটি দেখার সুযোগ সেখানে পাওয়া যায়। সেই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।”

তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রে সবাই আম খুব পছন্দ করে। যদিও আমরা সাধারণত সেগুলো হিমায়িত অবস্থায় পাই এবং শেক তৈরিতে ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায়, তবে আমি মনে করি না এখানকার মতো এতো তাজা আম সেখানেও পাওয়া সম্ভব।”

বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমি মনে করি বাংলাদেশের আরো কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রপ্তানির জন্য সবচেয়ে উপযোগী। তাই সারা বছর আমের উন্নত উৎপাদন ও রফতানির জন্য বাংলাদেশের কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”

পরে বিকেলে রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী “রুমন কালাই হাউজ” পরিদর্শনে গিয়ে রুটিটি তৈরির প্রক্রিয়া ও কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তাও দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাকে নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তুলতে ও সেলফি তুলতেও দেখা যায়। 

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তার স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। 

খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল। ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় কালাই রুটি ‘দারুণ মজা”,বলেও নিজের অনুভূতি ব্যক্ত করেন।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত।এ সময় রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী বিনির্মাণে আলোচনা করা হয়।

সাক্ষাতের শুরুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরবর্তীতে মতবিনিময় শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাসিকের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। 

   

About

Popular Links

x