Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের মরদেহ দেশে আসে

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৪৫ এএম

দেশে এসেছে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ। 

মঙ্গলবার (৩০ জুন)  সকালে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের মরদেহ দেশে আসে।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সংসদ অধিবেশনের কারণে তিনি মরদেহগুলো গ্রহণ করতে পারেননি।  

তবে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা ওসমানী বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, সোমবার রাতে ঢাকা থেকে মরদেহগুলো গ্রহণ করতে সংসদ সদস্য মুফতি আবুল হাসান সিলেটে পৌঁছান। এলাকাবাসীর পক্ষে তিনি মরদেহগুলো গ্রহণ করবেন বলে জানা গেছে।  

প্রসঙ্গত, গত ২১ জুন কাতারের রাজধানী দোহা থেকে আল-শাহানিয়া শহরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেট ট্যাক্সি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে চালকসহ কানাইঘাটের ৫ কাতার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার পুত্র জুবের আহমদ (২৮) এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদির আহমদ (৩৩)।

এদিকে, কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

   

About

Popular Links

x