Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

গরুর ঘাস কাটতে নেমে সাপের কামড়ে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০) মারা গেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান উপজেলার বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানায়, নিজ বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত ছিল। দায়িত্বরত চিকিৎসক ডা. ঝুমুর রোগীর ক্লটিং টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখার পরও সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, চিকিৎসকরা রোগীকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেও স্বজনদের অনুরোধে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সায়মা রহমান বলেন, “সাপের বিষক্রিয়ার পাশাপাশি অতিরিক্ত ভয় বা আতঙ্কের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ বিষয়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা ও তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

   

About

Popular Links

x