কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বিক্রির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে “শেফা ব্রেড অ্যান্ড বেকারি” নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে দেখা যায়, বেকারিটি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে কাপড়ের রং বা ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করছিল। এ ছাড়া “অলটাইম” ব্র্যান্ডের মিল্ক ব্রেডের প্যাকেটের আদলে নকল প্যাকেট বানিয়ে তাতে পাউরুটি বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি খাদ্যপণ্য তৈরির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, এসব অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। পরে সংশোধনের সুযোগ দিয়ে বেকারির মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বেকারি মালিক সমিতির জিম্মায় প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্কও করা হয়েছে।
তিনি বলেন, “জনস্বার্থে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



