Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা সীমান্তে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

ব্রাহ্মণপাড়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রোহিত দেওয়ান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন।

পরবর্তী সময়ে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

   

About

Popular Links

x