প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার পর ভিসা আবেদনকারীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী মানুষের কাছ থেকে পাওয়া বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে। একই সঙ্গে ভিসা সেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতে কাজ চলছে বলেও উল্লেখ করা হয়।
বার্তায় বলা হয়, আবেদন প্রক্রিয়া আরও সুবিধাজনক করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে। এই সময়ে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে গত ২৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। ঘোষণার পর ২৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা কার্যক্রম শুরু হয়।
তিনি জানিয়েছিলেন, পর্যায়ক্রমে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। পাশাপাশি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন আবেদনকারীদের জন্য মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।



