Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে ঢাকাজুড়ে বড় স্ক্রিনে পুলিশের বিশেষ নজরদারি

ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে জয়-পরাজয়ের উত্তেজনা থেকে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট থানা পুলিশ ও ডিবির সদস্যরা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হচ্ছে। এসব স্থানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য ডিএমপির সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় বড় স্ক্রিন বসানো হয়েছে, তা চিহ্নিত করে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ডিবিও এসব স্থানে নজরদারি চালাবে।“

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, “খেলার আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়। খেলায় হার-জিত থাকবে, তাই প্রতিপক্ষের সমর্থকদের প্রতিও সহনশীল আচরণ করার আহ্বান জানাই।“

ডিবি জানায়, রাজধানীর আদাবরে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনের সময় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। সেই ঘটনার জেরে বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় সংঘর্ষে বিএনপির ইউনিট সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় ইউনিট সভাপতি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে ডিবি।

   

About

Popular Links

x