রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় টানা অতিবর্ষণের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ উপড়ে পড়ে এবং পাহাড় ধসের ঘটনায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। একইসঙ্গে পাশের পাহাড়ের মাটি ধসে সড়ক ঢেকে যায়। এতে উভয় দিক থেকে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু জানান, টানা বর্ষণের কারণেই গাছ উপড়ে পড়া ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ রাখতে হয়েছে।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে সড়ক থেকে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, টানা বর্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওি) মো. রায়হানুল ইসলাম। তিনি জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী মানুষদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।



