Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধস, ৫ জনের মৃত্যু

উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় ফের পাহাড় ধসে পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় বহু শিক্ষার্থী আটকা পড়েছে।  

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।   

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উখিয়ার পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তব মাদ্রাসার ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে বহু শিশু কোরআন শিক্ষা ও পাঠগ্রহণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ পাহাড়ধসে মক্তবটি মাটিচাপা পড়ে গেলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুম শুরু হলেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়। গত ৬ জুলাই রাতে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ আটজনের প্রাণহানি ঘটে।

ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী হাজারো রোহিঙ্গা পরিবার প্রতিবছরই প্রাণহানির শঙ্কায় দিন কাটায়। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসলেও নানা কারণে অনেকেই এখনও ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছেন।

   

About

Popular Links

x