লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহলদল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এ ঘটনায় তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।



