থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকার একটি বারে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিবিসি বলছে, বারের মঞ্চের কাছে আগুনের সূত্রপাত এবং দ্রুতই সেটি ছড়িয়ে পড়লে বারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ক্রমে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘরটি।
এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, নিহত ২৭ জনের মধ্যে নয়জন পুরুষ এবং ১৮ জন নারী।
দেশটির সংবাদমাধ্যম থাইরাত বলছে, এ ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এখনো বেশ কয়েকজন মানুষ নিখোঁজ রয়েছেন।
আগুন কেন আর কীভাবে লেগেছে তা এখনো অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কোনো একটা সুইচ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটলে, সবাই পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে।



