কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।



