Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক সপ্তাহ পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক ভ্যালি

জেলা প্রশাসকের কার্যালয়ে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে জারি করা নিষেধাজ্ঞা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে চলমান বর্ষা মৌসুমে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে টানা বৃষ্টিপাত, পাহাড়ধসের আশঙ্কা এবং সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৭ জুলাই সন্ধ্যায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। ফলে ওই সময় নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি।

এদিকে বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েন ৫৬১ জন পর্যটক। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রথম ধাপে ৯ জুলাই ১৫০ জন এবং দ্বিতীয় ধাপে ১০ জুলাই আরও ৩১১ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। পরবর্তীতে অবশিষ্ট পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে আবহাওয়ার উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

   

About

Popular Links

x