বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জব্দ করা মাছগুলো নিলামে বিক্রি করা হয়।
কাস্টমস সূত্র জানায়, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান মোট ২৬,৩১০ কেজি (গ্রস) এবং ১৩,৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল শাওন শিপিং লাইন্স লিমিটেড।
বেনাপোল কাস্টম হাউসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লিখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত হওয়ায় মাছগুলো জব্দ করা হয়। এগুলো বিধি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় নিলামে বিক্রি করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে ইলিশ এনে পদ্মার ইলিশ বলে বিক্রির চেষ্টায় একটি অসাধু পক্ষ জড়িত। এ ধরনের ঘটনা রোধে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। বারবার একই ধরনের অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আগ্রহী ব্যবসায়ীদের নিলামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সরকারি বিধি-বিধান অনুসরণ করে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম সম্পন্ন করে ইউএস এন্টারপ্রাইজ সর্ব্বোচ্চ দামের মাধ্যমে ইলিশ মাছগুলো ক্রয় করেন।



