Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, বিকট শব্দে নিষ্ক্রিয়

ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এখন পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। আরও সন্দেহজনক বস্তু থাকায় সেগুলোও পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। প্রাথমিকভাবে এগুলো বোমা নাকি ককটেল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতর থেকে ডেটোনেটর উদ্ধার করা হয়েছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং কে বা কারা এসব বিস্ফোরক সদৃশ বস্তু সেখানে রেখে গেছে, তা শনাক্তে তদন্ত চালাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

   

About

Popular Links

x