রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মহাখালীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের বাসটি হাসপাতালের ফটকের সামনে থামার কথা ছিল। তবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফটকের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ধাক্কা দেয়।
এতে দেয়াল ধসে পড়ে রফিকুল ইসলাম নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



