Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত কর্মীকে ৫০টি বেত্রাঘাত

অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন,‘আমি এ ধরনের কোনো কাজ করিনি’

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

+নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক জামায়াত কর্মীকে ৫০টি বেত্রাঘাত করা হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে এ সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

৪ আগস্ট বিকালে সালিশ বসলে, এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

অভিযুক্ত হেলাল উদ্দিন বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, পেশায় পল্লী চিকিৎসক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এক শিশু পাশের একটি দোকান থেকে মসলা কিনে বাড়ি ফেরার পথে হেলাল উদ্দিন তাকে দোকানে ডাকেন। এসময় শিশুটির সঙ্গে তার আরও এক ছোট বোন ছিল। 

অভিযোগ রয়েছে, ছোট বোনকে বসিয়ে রেখে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে যান তিনি। সেখানে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করলে শিশুটি চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। পরে বিষয়টি জানাজানি হলে বিকেলে স্থানীয়ভাবে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।

শিশুর পরিবারের অনুরোধে সালিশের আয়োজন করা হয়। সালিশে ধর্ষণচেষ্টার ঘটনা প্রমাণিত হয়নি। তবে শিশুকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগের ভিত্তিতে উপস্থিত সবার সম্মতিতে হেলাল উদ্দিনকে ৫০ বেত্রাঘাত এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, আমি এ ধরনের কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x