বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের শিশু নাতি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাবুল হাসান স্ত্রী ও শিশু নাতিকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর উদ্দেশে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান বাবুল হাসান।
স্থানীয়রা আহত জেসমিন ও তার নাতিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।



