মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ টাকা এবং এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর এমন প্রস্তাব দিয়েছেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ টাকা এবং এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত। তারা এলাকায় গেলে মানুষ যখন সাহায্য সহযোগিতার জন্য আসেন এবং তখন কোনোরকমে তা সামাল দিতে হয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার এমপিদের করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে। এখনকার যে নির্বাচনী ব্যবস্থা, আগের মতো তো নেই যে রাতে প্রশাসন ভোট করে দেবে কিংবা আপনি কেন্দ্র দখল করে নেতা হয়ে যাবেন। স্বচ্ছ নির্বাচন হচ্ছে, যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকেন, তারা ভোটে দাঁড়ালে নির্বাচিত হচ্ছেন। এবার আমার মতো কয়েকজন তরুণ এমপি হয়েছেন।’
নুরুল হক নুর বলেন, “প্রান্তিক পর্যায়ে সংসদীয় এলাকায় যাওয়ার জন্য একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। সেক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি কিনতে যাই, সে সক্ষমতা তো আমার নাই। আমি প্রতিমন্ত্রী হিসেবে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু এটা এমপিদের দরকার।”
প্রতিমন্ত্রী পরামর্শ দেন, “সরকারকে পাঁচ বছরের জন্য একটা গাড়ি সরবরাহ করতে হবে, যতদিন এমপি থাকবেন ততদিন তিনি সেই গাড়ি ব্যবহার করবেন।”
এ সময় বিরোধী দলের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, “যারা সরকারের সমালোচনা করছে, তা সম্পূর্ণ হিংসা, বিদ্বেষ ও অবিবেচনা প্রসূত। সাড়ে পাঁচ মাসের একটি সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।”
জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, “ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।”
সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।



