Friday, August 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আনন্দভ্রমণ পরিণত হলো শোকে, টাঙ্গুয়ার হাওরে পর্যটকের মৃত্যু

বিকেলের দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি-১ এলাকার বাসিন্দা ছিলেন।

আলী আকবর খানের মেয়ের জামাত জানান, শুক্রবার সকালে নেত্রকোণার মদন থেকে তার শ্বশুর-শাশুড়িসহ ঢাকার মোট ৩২ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হৃদরোগে আক্রান্ত থাকা তার শ্বশুর বিকেলে ওয়াচ টাওয়ারের কাছে একটি করচ গাছ ধরে গোসল করছিলেন। হঠাৎ গাছ থেকে হাত ফসকে পানিতে তলিয়ে যেতে থাকলে ভয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ জানান, চিকিৎসার জন্য ওই পর্যটককে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আলী আকবর খান একটি গাছ ধরে গোসল করার সময় হঠাৎ হাত ছুটে গিয়ে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x