ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবির গোপন সূত্রের তথ্যানুযায়ী, গতকাল ৯ আগস্ট শনিবার আনুমানিক ভোর ৩টা ৩৫ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমীপাশা ইউনিয়নের সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ৪ - ৫ জন বাংলাদেশি চোরাকারবারী। তারা মূলত ভারতীয় ‘নাসির পাতার বিড়ি’ চোরাচালানের উদ্দেশ্যে সেখানে গিয়েছিল।
ওই সময়ে ভারতের ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই তারা মিয়া নামে বাংলাদেশি চোরাকারবারী নিহত হন।
ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন। রবিবার ভোরে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে কুলাউড়া থানায় পূর্বেও মামলা রয়েছে। ঘটনার পর বাকিরা পালিয়ে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বর্তমানে আত্মগোপনে রয়েছে।



