ফরিদপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে পৌরসভা।
রবিবার (৯ আগস্ট) বিকেলে পৌর সুপার মার্কেটের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
এ সময় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানের বর্ধিত অংশ সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রীও সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকির বলেন, “শহরের ফুটপাত ও সড়ক পথচারী ও যানবাহন চলাচলের জন্য। এগুলো দখল করে কোনো ধরনের স্থাপনা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “যারা ফুটপাত বা সড়কের জায়গা দখল করে রেখেছেন, তাদের নিজ উদ্যোগে এসব স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে কেউ নতুন করে ফুটপাত বা সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করলে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা বা স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারীরা। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে শহরে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজটও কিছুটা কমবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকিরের নেতৃত্বে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



