ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, নরসিংদী থেকে হানিফ পরিবহন একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এতে বসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।



