ঢাকায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর রাজধানীতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের অধিকাংশ অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার বলেন, ‘আজ থেকে আগামী তিন-চার দিন ঢাকায় হালকা বৃষ্টিপাত হবে। তবে তারপর থেকে ঢাকায় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



