Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চগড়ে ভারতীয় যুবককে ধরে পুলিশে দিলো গ্রামবাসী

এর আগে,  ৮০ বছর বয়সী তমিজ উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

পঞ্চগড়ের সীমান্তে এক প্রবীণ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জের ধরে দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় প্রায় ৮০ বছর বয়সী তমিজ উদ্দিন নামে এক প্রবীণ বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার তিন দিন পর সীমান্তে এক ভারতীয় যুবককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রাখেন। সে সময় গ্রামবাসী হুঁশিয়ারি দেন, অপহৃত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ওই ভারতীয় যুবককে ছাড়া হবে না।

পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভারতীয় ওই যুবককে নিজেদের হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, আটক ওই যুবকের নাম দীপঙ্কর গোপ। অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করায় তার বিরুদ্ধে সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে বিএসএফের হাতে আটক তমিজ উদ্দিনের স্বজনরা জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগা এই প্রবীণকে বিএসএফ আটক করার পর ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিজিবির মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) কুমার শীল বলেন, “ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x