Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক ঘণ্টার ব্যবধানে নেত্রকোনায় ঝরে গেল তিন শিশুর প্রাণ

পৃথক ঘটনায় ১ বছর, দেড় বছর ও ৬ বছর বয়সী শিশুরা মারা যায়

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

নেত্রকোনায় পানিতে ডুবে এক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছে তিন শিশু। জেলার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় বুধবার দুপুরে পৃথক তিনটি ঘটনায় এক বছর, দেড় বছর ও ছয় বছর বয়সী শিশুরা ডুবে মারা যায়।

নিহত শিশুরা হলো কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মোয়াজ (১), একই উপজেলার শুনই গ্রামের তাসকিন তারেক (১৮ মাস) এবং পূর্বধলার জামুদ গ্রামের সুমন মিয়া (৬)।

দুপুর সাড়ে ১২টার দিকে কালাইকান্দি গ্রামে বাড়ির উঠানে খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে পাশের পুকুরে পড়ে যায় শিশু মোয়াজ। পরিবারের সদস্যরা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মা পুকুরে তাকে হাবুডুবু খেতে দেখে চিৎকার দেন। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় এক ঘণ্টা পর, বেলা দেড়টায় পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে খেলতে গিয়ে ডুবে যায় দেড় বছর বয়সী তাসকিন। তার মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

একই সময়ে পূর্বধলার জামুদ গ্রামে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ছয় বছর বয়সী সুমন। বাবা তখন জমিতে আর মা প্রতিবেশীর বাড়িতে হাঁসের খাবার আনতে গিয়েছিলেন। সঙ্গে থাকা সাত বছর বয়সী চাচাতো ভাই বিষয়টি বুঝে উঠতে না পারায় দেরি হয়ে যায় উদ্ধারে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তিনটি মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x