ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।
শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি করেননি। আগামীকাল রবিবারও ভারতে সরকারি ছুটি থাকায় আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আমদানির-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। যে কারণে ক্ষতি পুষিয়ে নিতে গতকাল শুক্রবার পণ্য পাঠানো হয়।
এদিকে ভারতে আগামী রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আমদানির-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। তবে ভারত কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রাখায় ব্যবসায়িক কার্যক্রমের প্রভাব পড়েছে। দ্রুতই ভারত তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলে আশাবাদী ব্যবসায়ীরা।



