রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তিশা খাতুন নামে এক নারী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় চার শিশুর কারও ওজনই প্রত্যাশিত পর্যায়ে নেই। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। তিশা খাতুন রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা।
স্বজনেরা জানান, প্রসববেদনা শুরু হলে সোমবার (১৭ আগস্ট) বিকেলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে অস্ত্রোপচার করা হলে একে একে চার সন্তানের জন্ম হয়। জন্মের পর নবজাতকদের হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
তিনি বলেন, “নবজাতকদের ওজন প্রত্যাশিত পর্যায়ে নেই। সাধারণত দেড় থেকে দুই কেজি ওজন হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ধরা হয়। চার শিশুই নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুব ভালোও নয়, আবার গুরুতর খারাপও নয়। তাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।“
তিনি আরও জানান, উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার চার নবজাতককে হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) স্থানান্তর করা হবে।
চার সন্তানের বাবা নয়ন ইসলাম বলেন, “আল্লাহ আমাকে একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ে দিয়েছেন। তারা যেন সুস্থ থাকে, এটাই আমার চাওয়া। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয় এটাই দোয়া করি।”



