Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, “কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। তিনি এখন সেখানেই আছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।”

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।

এর আগে, মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে।

প্যারোলের সময় তিনি প্রয়াত স্বামীর মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরে যেতে হবে বলে তার আইনজীবী আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন।

তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ গত মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। ৭৬ বছর বছর বয়সি তৌফীক নাওয়াজ দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। 

এদিকে, একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন দীপু মনি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তিনি অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন। 

   

About

Popular Links

x