Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন চেয়ারম্যান দীপন তালুকদার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। তিনি জেলা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্যাক্সে নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম পাঠানো হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন পরিষদ পুনর্গঠনের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় সরকার অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে।

নতুন পরিষদের চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। ২০২৩ সালে ঘোষিত রাঙ্গামাটি জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সভাপতির দায়িত্ব পান।

নতুন গঠিত পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠী ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের মধ্য থেকে ১৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “আমার নেতা তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন, এটাই আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি চেষ্টা করব, এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে।”

তিনি রাঙ্গামাটিবাসীর সহযোগিতা কামনা করেন।

   

About

Popular Links

x