Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিসিবির পণ্য নেওয়াকে ঘিরে রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যা

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানোর কথা জানিয়েছে পুলিশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১১:২৩ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় টিসিবির পণ্য নিয়ে ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শহরের হাজী মোড়ে তাকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করা হয়। 

মৃত ইলিয়াস আলী উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। অন্যদিকে অভিযুক্ত মাজেদুল ইসলাম শৈলকুপা পৌরসভার চতুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার শহরের মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিতরণ নিয়ে ইলিয়াস হোসেনের ছেলে রিসালত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে ইলিয়াস হোসেন মোটরসাইকেল করে বাড়ি থেকে শৈলকুপা শহরে যাওয়ার পথে হাজিমোড়ে পৌঁছলে মাজেদুল তাকে থামিয়ে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ইলিয়াস আলীর মৃত্যু হয়।

মৃত ইলিয়াস আলীর স্বজন সীমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালের দিকে কার্ডবাদে টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে (নিহতের ছেলে) কথা কাটাকাটি হয় চতুড়া গ্রামের মাজেদুলের। দুপুর ২ টার দিকে আমার শ্বশুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে শহরের হাজি মোড়ে পৌঁছলে রড ও হাতুড়ি দিয়ে মাজেদুল আমার শ্বশুরকে পিটিয়ে আহত করে। তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আমরা তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

টিসিবি ডিলার বিধান কুমার সাহা বলেন, “বৃহস্পতিবার সকালে টিসিবির পণ্য বিতরণের সময় রিসালত হোসেনের সঙ্গে একজনের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এরপর জানতে পারি রিসালতের বাবাকে মারধর করা হয়েছে। এর বেশি আমি কিছু জানি না।” 

এদিকে অভিযুক্ত মাজেদুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “টিসিবির পণ্য নিয়ে দ্বন্দ্বে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছি। এখনো থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x