প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘‘চীনের তৈরি জে-১০ সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে একটি কমিটি।’’
মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে জাহেদ বলেন, ‘‘জে-১০ ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এ ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি।’’
তিনি আরও বলেন, ‘‘ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল; এবং সেটা করেছিল চাইনিজ জে-১০-এই তথ্য এখন প্রতিষ্ঠিত।’’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘রাফালকে বলা হয় ৪.৫ প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। এর সঙ্গে যুদ্ধক্ষেত্রে জে-১০সিই খুবই ভালো করেছে। ফলে বিমানটি নিয়ে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে ভাবছে।’’
এছাড়া চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
এর আগে, গত বছরের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীনের কাছ থেকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফটকেনার বিষয়ে আলোচনা হওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।



