Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

সকালে মুরগির ঘরের ভেতরে বিশাল ওই অজগর সাপটি দেখতে পান গৃহকর্তা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি মুরগির ঘর থেকে প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। যার ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার এক ব্যক্তির মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজী নামে ওই ব্যক্তির মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি ঘরের মধ্যে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে। একপর্যায়ে ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান গৃহকর্তা।

মুক্তার গাজী বলেন, “রাতে আমার মুরগির ঘরের মধ্যে অজগরটি ঢুকে পড়ে। সকালে দেখি মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখি বিশাল বড় একটি অজগর সাপ রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজির সদস্যদের জানাই।”

খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে কিছুটা দূরে বনের ভেতরে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয় বলে জানান তারা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব বন্যপ্রাণী কখনও কখনও লোকালয়ের কাছাকাছি চলে আসে।”

এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

   

About

Popular Links

x