Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীকে রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৬ বছরের ওমর সানির

মোটরসাইকেল ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ এএম

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেছিলেন ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পরে বিকেলে হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হন ওমর সানি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, “হাসপাতালে আনার আগেই ওমর সানির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x