Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামে মৃত্যু হাজার ছাড়ালো, আক্রান্ত প্রায় ১.৭ লাখ

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

দেশে চলমান হাম পরিস্থিতিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ১,০০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৭,৫৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ৯০২ জন সন্দেহজনক হাম রোগী এবং ১০০ জন নিশ্চিত হাম রোগী।  

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকায় মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগীর কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। 

একই সময়ে নতুন করে ১,১১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৬৯ জনের। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৯,৯০৪ জনের হাম নিশ্চিত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৭,৩৯৩ জন। তাদের মধ্যে ১,৪১,৮১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৩৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯৬৯ জন।  

মৃত্যুর শীর্ষে ঢাকা

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। গত ১৫ মার্চ থেকে ঢাকা বিভাগে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৪০৪ জনের। এর পাশাপাশি নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ৬৩ জনের। অর্থাৎ দুই শ্রেণি মিলিয়ে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। 

এরপর সিলেট বিভাগে সন্দেহজনক ১৫৬ ও নিশ্চিত তিনজন মিলিয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে মারা গেছেন ৯৫ জন, ময়মনসিংহে ৭৯ জন, বরিশালে ৭৬ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৩৭ জন এবং রংপুরে ১৪ জন। 

রোগীর সংখ্যার দিক থেকেও ঢাকা সবচেয়ে বেশি আক্রান্ত। বিভাগটিতে এ পর্যন্ত সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৭২,০৩৮ জন এবং নিশ্চিত হয়েছেন ১২,১৯৫ জন। চট্টগ্রামে সন্দেহজনক রোগীর সংখ্যা ৩২,৯৩৬ এবং নিশ্চিত রোগী ২,৭১১ জন। 

টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়ানোর দাবি

হামের ব্যাপক সংক্রমণ ও মৃত্যুর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্যও প্রকাশ করেছে।

অধিদপ্তরের হিসাবে, ২০২৬ সালের হাম-রুবেলা ক্যাম্পেইনে আট বিভাগে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে ১ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার ৭৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। কাগজে-কলমে জাতীয় কাভারেজ দাঁড়িয়েছে ১০৯.৬%। 

বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ ১১৫% এবং চট্টগ্রামে ১১২.৬% কাভারেজ দেখানো হয়েছে। ঢাকা বিভাগে এ হার ১১০.৪%। সব বিভাগেই ঘোষিত লক্ষ্যমাত্রার শতভাগের বেশি টিকা দেওয়ার তথ্য রয়েছে। 

অন্যদিকে, ১২টি সিটি করপোরেশন এলাকায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১৯,০৫,৯৫০। সেখানে টিকা দেওয়া হয়েছে ২০,৬৯,৯১১ ডোজ, যা লক্ষ্যমাত্রার ১০৮.৬%। তবে রংপুর সিটি করপোরেশনে কাভারেজ ৯৯.৯%। 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান এমন এক সময়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ানোর তথ্য দিচ্ছে, যখন সরকারি হিসাবে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়ার দাবি করা হচ্ছে।

   

About

Popular Links

x