Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রেলমন্ত্রী: দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা

রেলপথ সম্প্রসারণে মেগা প্রকল্প ও সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

দেশের প্রতিটি জেলাকে পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ৩ হাজার ৪২৮ কিলোমিটার রেলরুটের পাশাপাশি নতুন রেলপথ সম্প্রসারণে একাধিক মেগা প্রকল্প ও সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম দেশের রেলপথের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও সরকারের রেল সম্প্রসারণ পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য লুৎফুর রহমান তাঁর প্রশ্নে বর্তমানে দেশে রেলপথের মোট পরিমাণ, গেজ অনুযায়ী এর হিসাব এবং নতুন রেলপথ সম্প্রসারণের কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।

জবাবে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে মোট রেলওয়ে রুটের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার এবং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ হাজার ৮২৬ দশমিক ০৯ কিলোমিটার। রুট অনুযায়ী এর মধ্যে মিটার গেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রড গেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়েল গেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। অন্যদিকে, ট্র্যাক অনুযায়ী মিটার গেজের দৈর্ঘ্য ২ হাজার ৩০৭ দশমিক ৩৮ কিলোমিটার, ব্রড গেজ ১ হাজার ৪৩৪ দশমিক ১৯ কিলোমিটার এবং ডুয়েল গেজ ১ হাজার ৮৪ দশমিক ৫২ কিলোমিটার।

সরকারের নির্বাচনী ইশতেহার ও রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশের সব জেলাকে ধাপে ধাপে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য পুনর্ব্যক্ত করা হয়েছে সংসদে। এ জন্য বর্তমানে কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং শেরপুর ও রৌমারি রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা।

এ ছাড়া নাভারণ থেকে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) এখন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

রেলপথ আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকার নতুন কয়েকটি রুটের সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নিয়েছে বলেও অধিবেশনে জানানো হয়। এর মধ্যে রয়েছে নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, নেত্রকোনার ঝারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন, সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সরাসরি কর্ড লাইন নির্মাণ।

   

About

Popular Links

x