দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এই আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
আলোচনায় দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন করে সুদৃঢ় করার লক্ষ্যে সংসদীয় কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত আলোচনা, তথ্য আদান-প্রদান, প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দুই নেতা।
বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জবাবে পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
এসময় বাংলাদেশ ও পাকিস্তান সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



