Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার পরিবার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। 

আসামি একই গ্রামের বাসিন্দা হওয়ায় বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় মামলার আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন মামলার বাদী।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ আগস্ট উপজেলার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে ওই ব্যক্তি। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী পরিবারের লোকজন। 

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। কাশিয়ানী থানা মামলাটি নথিভুক্ত করে এবং পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বাদীপক্ষের অভিযোগ, জামিনে বেরিয়ে এসে নিজে ও তার পরিচিতদের মাধ্যমে দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে ওই ব্যক্তি।

মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে সে। 

এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার পরিবার। একই সঙ্গে মামলার বিচারপ্রক্রিয়া যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

মামলার বাদী বলেন, “আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু আসামি জামিনে বেরিয়ে এসে এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে অপহরণের হুমকি দিচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”

এ বিষয় ওই আসামিকে কল দেওয়া হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার সহযোগী হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন।’ 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

   

About

Popular Links

x