নতুন পে স্কেল কার্যকরের তারিখ থেকে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) "জাতীয় পে-স্কেল ২০২৬"-এর প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে নতুন এই পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। গত ৩১ আগস্ট মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য এই নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়, যেখানে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ এবং সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, নতুন পে স্কেলের বর্ধিত বেতন একবারে না দিয়ে কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে।
২০২৬ সালের ৩০ জুনে প্রাপ্ত মূল বেতনের সঙ্গে নতুন পে স্কেলের মূল বেতনের পার্থক্যের ৫০% যোগ করে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদান করা হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মূল বেতনের পার্থক্যের ৭৫% দেওয়া হবে। সবশেষ ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন পে স্কেলের পূর্ণ ১০০% মূল বেতন এবং নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) কার্যকর করা হবে।
২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের ৪০% এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তা বাড়িয়ে ৭০% করা হবে। অতঃপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন পে স্কেলের পুরো ১০০% বেতন কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অন্যান্য যাবতীয় ভাতা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যে হারে প্রচলিত ছিল, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই হারেই বহাল থাকবে। নতুন নির্ধারিত ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল চালুর সময় সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ৯৫% এবং সর্বনিম্ন গ্রেডে ১০১% বৃদ্ধি করা হয়েছিল।



